বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের যৌথ মিছিলে উৎসাহ উপস্থিতি চোখে পড়ার মতো, অঙ্গিকার লড়াই জারি রাখার

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে দেশব্যাপী ছাত্র-যুব আন্দোলনের ঐতিহাসিক জয় হিসেবে চিহ্নিত করে সোমবার মেদিনীপুর শহরে বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ উদ্যোগে একটি শপথ মিছিল সংগঠিত হল।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শহরের পঞ্চুর চকে রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে কালেক্টরেট মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়। মিছিল ঘিরে ছাত্র যুবদের উপস্থিতি এবং উৎসাহ ছিল দেখার মতো।

এদিনের মিছিল থেকে NTA বাতিল, দেশব্যাপী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার সর্বাত্মক বেসরকারিকরণের নীল নকশা হিসেবে চিহ্নিত NEP ২০২০ বাতিলের দাবি জোরালো ভাবে তোলা হয়। অংশগ্রহণকারীরা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এখনও অব্যাহত রয়েছে।

মিছিল শেষে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশনের (SFI) জেলা সম্পাদক রণিত বেরা, AISF-এর জেলা সম্পাদক বিবেক গিরি এবং AIDSO-এর মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাটা। বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ সংগ্রাম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *