নিজস্ব প্রতিবেদন: নয়াদিল্লির এ কে জি ভবনে সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই(এমএল)-লিবারেশনের যৌথ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী গণতন্ত্রের সংকট নিয়ে আলোচনা হল। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলে তিন বাম দল।
বাম দলগুলির অভিযোগ, ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক অনুসন্ধানে নির্বাচন কমিশনের অভ্যন্তরে ভোটার তালিকা, SIR এবং Form-6 সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে গুরুতর আপত্তির বিষয়টি প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই নির্বাচন কমিশনার একাধিকবার কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়েছিলেন। বিশেষ করে Form-6-এ SIR-সংক্রান্ত তথ্য যুক্ত করার বৈধতা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছিলেন।
এই পরিস্থিতিতে সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই(এমএল)-লিবারেশন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, SIR-এর মাধ্যমে যাঁদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নাম ভোটার তালিকায় পুনর্বহাল করতে হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ও গণতান্ত্রিক কার্যপ্রণালী নিশ্চিত করতে হবে।
বাম দলগুলি আরও দাবি করেছে, নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান ব্যবস্থার পরিবর্তে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে একটি নির্বাচন কমিটির মাধ্যমে কমিশনার নিয়োগের ব্যবস্থা করা হোক।
এই দাবিগুলিকে সামনে রেখে ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তিন বাম দল। ২৮ সেপ্টেম্বর শহিদ-এ-আজম ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী এবং ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীকে কর্মসূচির গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।