SIR নিয়ে বামেদের বিক্ষোভ, দিল্লিতে আটক এম এ বেবি

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে বাম দলগুলির বিক্ষোভে অংশ নেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি। বিক্ষোভ চলাকালীন তাঁকে-সহ একাধিক বাম নেতাকে আটক করে পুলিশ।

বাম দলগুলির অভিযোগ, SIR-এর নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের দাবি, SIR অবিলম্বে বন্ধ করতে হবে এবং যাঁদের নাম অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে বামেরা।

মঙ্গলবারের এই কর্মসূচিতে এম এ বেবি ছাড়াও সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট, সিপিআই নেত্রী নিশা সিধু এবং সিপিআই(এমএল)-এর নেত্রী সুচেতা দে-সহ একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের দফতরের সামনে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের আটক করে।

এই কর্মসূচি পাঁচ বাম দলের ঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের সপ্তাহব্যাপী আন্দোলনের অংশ। সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল)-লিবারেশন, আরএসপি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এই কর্মসূচির ডাক দিয়েছে।

সিপিআই(এম) নেত্রী সুভাষিণী আলি জানিয়েছেন, SIR এবং নির্বাচন কমিশন সংক্রান্ত দাবিতে দেশজুড়ে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *