ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জেলা শহরে GEN Z -র বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে জাতীয় পতাকা হাতে মিছিল করলেন GEN-Z ছাত্রছাত্রীরা। তাঁদের সঙ্গে পা মেলালেন বহু বাবা মা অভিভাবক সাধারণ মানুষ একই সঙ্গে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর পুলিশি অত্যাচারের তীব্র প্রতিবাদে ওঠে স্লোগান।

শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জাতীয় পতাকা হাতে মিছিলটি গান্ধিমূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গান। তাঁদের বক্তব্য, শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার লক্ষ্যে দেশজুড়ে ছাত্রসমাজের ন্যায্য দাবিকে দমিয়ে দেওয়ার পরিবর্তে সরকারের উচিত সেই দাবির প্রতি সংবেদনশীল হওয়া।

জেলার ছাত্র আন্দোলনের অন্যতম মুখ রণিত বেরা অভিযোগ করেন, এই বিজেপি সরকারের আমলে একের পর এক প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান দুর্নীতির কারণে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিই তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য। যতক্ষণ না তা পূরণ হবে এই আন্দোলন চলবে। ভবিষ্যতে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে জেলা রাজ্য তথা দেশ জুড়ে

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর যে পুলিশি পদক্ষেপ করা হয়েছে, তা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েই মেদিনীপুরের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তাঁরা জানান।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে তাঁদের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *