দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের, বড় সাফল্য সমবায় আন্দোলনে

নিজস্ব প্রতিবেদন: সমবায় সমিতি বাঁচানোর লড়াইয়ে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। শুক্রবার ২১ আগস্ট কলকাতা হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, ডেবরার শ্যামসুন্দরপুর সমবায় সমিতির দুর্নীতিগ্রস্ত ৩ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করতে হবে।

তৃণমূল সরকারের আমলে একের পর এক সমবায় সমিতি জোর করে দখল করে টাকা লুঠ করেছে বলে বার বার অভিযোগ সামনে এসেছে। কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে সেই সব সমবায় বাঁচানোর জন্য বার বার রাস্তায় ও আদালতে লড়াই চালিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ।

২০১৯ সালে ডেবরার শ্যামসুন্দরপুর কৃষি সময়বায় সমিতির দুর্নীতি সামনে আসার পরই কলকাতা হাইকোর্টে মামলা করা হয় এই সংগঠনের তরফে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এল জয়। আদালতের নির্দেশ, ওই সময়বায় সমিতির পরিচালন বোর্ডের সম্পাদক তপন দালাল, ম্যানেজার তরুণ ভট্টাচার্য ও পরিচাল বোর্ডের সদস্য মদন পোড়িয়ার সম্পত্তি ক্রোক করে দুর্নীতি করা ৪৫ লক্ষ টাকা আদায় করতে হবে।

গোটা বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের যুগ্ম সম্পাদক গণেশ সামন্ত জানান, ‘এই ঐতিহাসিক রায়ে মানুষ সমবায় বাঁচানোর লড়াইয়ে আরও বেশি উৎসাহিত হবে। সমবায়গুলিকে বাঁচানো এখন সময়ের দাবি। তাই এই লড়াই চালিয়ে যেতে হবে’। ডেবরার এই সমবায় বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সমবায় বাঁচাও মঞ্চেক সদস্য বিষ্ণুপদ চাগড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *