কোমরে দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা বিজেপি মন্ডল সভাপতি!

নিজস্ব প্রতিবেদন: কোমরে দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা বিজেপি মণ্ডল সভাপতি! ঘিরে রেখেছে কয়েকশো গ্রামবাসী। এমনই দৃশ্য দেখা গেল বীরভূমের নানুরে। সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তুলকালাম কাণ্ড।

বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ অভিযোগে নানুর থানা এলাকার এক বিজেপি মণ্ডল সভাপতিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রবল বিক্ষোভ।

অভিযুক্ত বিজেপি নেতা নানুর ব্লকের থুপসাড়া অঞ্চলের ৩ নম্বর মণ্ডল সভাপতি। তাঁর নাম রামকৃষ্ণ মণ্ডল, বাড়ি কুরগ্রাম এলাকায়। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ নানুরের রামকৃষ্ণপুর গ্রামে তাঁকে বেঁধে রাখার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনুদান বা ঘরের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু মহিলার কাছ থেকে টাকা তুলেছিলেন ওই বিজেপি নেতা। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও প্রতিশ্রুতিমতো কোনো সরকারি অনুদান মেলেনি। উল্টে টাকা ফেরত চাওয়ার পর তা এড়িয়ে যাওয়া হচ্ছিল এবং বারবার তাগাদা দিয়েও টাকা ফেরত পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ।

মঙ্গলবার বিকেলে টাকা ফেরতের দাবিতে ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই নেতাকে ঘিরে ধরেন। এরপর তাঁকে কোমরে দড়ি দিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। স্থানীয় মহিলারাও এই বিক্ষোভে সামিল হন এবং অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার হন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই বিক্ষোভ ও উত্তেজনা চলে। খবর পেয়ে নানুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *