জাতীয় পতাকার রঙ্গোলির উপর দাঁড়িয়ে বিজেপি বিধায়ক সহ ৩, একজনের পায়ে জুতোও!

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকার রঙ্গোলির উপর দাঁড়িয়েই পতাকা উত্তোলন করছেন বিজেপি বিধায়ক। যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক সমালোচনা শুরু হয়েছে।

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মতো একটি গৌরবময় দিনে জাতীয় পতাকার মর্যাদা ও স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে বিতর্কে জড়ালেন গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা। শনিবার গড়বেতার আমলাগোড়ায় একটি সংস্থার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাটিতে আবির দিয়ে জাতীয় পতাকার আদলে তৈরি করা হয় রঙ্গোলি।

অভিযোগ বিধায়ক তাঁর উপর দাঁড়িয়েই পতাকা উত্তোলন করেন। শুধু তাই নয় মোট তিন জন সেই তেরঙ্গার উপর দাঁড়িয়ে ছিলেন। যাঁদের মধ্যে আবার একজনের পায়ে কালো জুতোও রয়েছে। অনুষ্ঠানের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বিষয়টি নিয়ে ‘খবরে জেনারেশন’-এর তরফে সিপিআইএম জেলা সম্পাদক বিজয় পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “এটি জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা এবং একটি গুরুতর অপরাধ। স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবীদের আত্মবলিদানের মধ্য দিয়ে যে জাতীয় পতাকা আমরা অর্জন করেছি, তার গুরুত্ব যাঁরা বোঝেন না, একমাত্র তাঁরাই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন।” গোটা ঘটনার তদন্তেরও দাবি জানান তিনি।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় থেকে সমাজের নানান স্তরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দাবি উঠছে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *