সুব্রত কুণ্ডু, মেদিনীপুর: স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে বামপন্থী দলগুলির উদ্যোগে বৃহস্পতিবার, ১৪ আগস্ট মেদিনীপুর শহরের পঞ্চুরচকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই কর্মসূচিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও তার আদর্শের পাশাপাশি দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বামপন্থী রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য ও তার চেতনার কথা তুলে ধরে বর্তমান সময়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

জেলার গণআন্দোলনের অন্যতম নেতৃত্ব বিজয় পাল তাঁর বক্তব্যে তুলে ধরেন, স্বাধীনতা কেবল ঔপনিবেশিক শাসনের অবসান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অধিকার, সমতা, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন। সেই আদর্শকে সামনে রেখে দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেন বিজয় পাল।
স্বাধীনতার ৮০তম বর্ষে সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার আরও দৃঢ় করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও তার মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপরেও গুরুত্ব দেওয়া হয়।
পঞ্চুরচকের এই কর্মসূচিকে ঘিরে রাত পর্যন্ত ছিল উৎসাহ ও আগ্রহ। স্বাধীনতার ইতিহাস এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতার ৮০তম বর্ষের সূচনা পর্ব।