নিজস্ব প্রতিবেদন, গুয়াহাটি: সমাজকর্মী, পরিবেশবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের ছবি আঁকার চেষ্টা করার অভিযোগে গুয়াহাটি শহরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি নষ্ট করে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকার অভিযোগে দিসপুর পুলিশ সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্র নকুল মিলি ও গৌরব সিংহকে গ্রেপ্তার করেছে।
ঘটনা সম্পর্কে কামরূপ (মেট্রো)-এর উপ-পুলিশ কমিশনার হিরণ্য কুমার বর্মন বলেন, “রাতে জ্যোতি-বিষ্ণু প্রেক্ষাগৃহে যাওয়ার রাস্তার ধারের একটি দেওয়ালে ছবি আঁকার সময় নকুল মিলি ও গৌরব সিংহকে দিসপুর থানার পুলিশ আটক করে। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে দিসপুর থানায় ৫২৪/২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। রাতের টহলদারি পুলিশ তাঁদের দেওয়ালে রং করতে দেখে আটক করে। তাঁরা জানিয়েছিলেন যে, সোনম ওয়াংচুকের ছবি আঁকছিলেন।”
তিনি আরও বলেন, “ইচ্ছে মতো কেউ সরকারি সম্পত্তি নষ্ট করতে পারেন না। নোটিস জারি করে আজ দু’জনকে ছেড়ে দেওয়া হবে। বশিষ্ঠ উড়ালপুলের নীচে ছবি আঁকার ঘটনায় বশিষ্ঠ থানাতেও একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। সরকারি অনুমতি ছাড়া জনসমক্ষে যত্রতত্র দেওয়াল লিখন বা ছবি আঁকা যাবে না। এই নির্দেশ লঙ্ঘনের কারণেই তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ প্রসঙ্গে কার্টুনিস্ট নিতুপর্ণ রাজবংশী বলেন, “ছবি আঁকা একটি শিল্প। সেটি কীভাবে অপরাধ হতে পারে? সরকারের আসলে শিল্পীদের নিয়ে সমস্যা নয়, সমস্যা বিষয়টি নিয়ে। সোনম ওয়াংচুক শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে অনশন করছেন। শিল্পী দু’জন যদি গাছ বা পাখির ছবি আঁকতেন, তাহলে তাঁদের গ্রেপ্তার করা হতো না। তাঁরা সোনম ওয়াংচুকের ছবি আঁকতে গিয়েছিলেন বলেই গ্রেপ্তার হয়েছেন। আসল সমস্যা সোনম ওয়াংচুককে নিয়েই।”