রাম মন্দিরে কোটি কোটি টাকার দান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার লবকুশ সহ ৮

নিজস্ব সংবাদদাতা, অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা প্রায় ২০০ কোটি টাকার নগদ ও সোনা রূপা হীরার সামগ্রী চুরির অভিযোগে বড় পদক্ষেপ করল উত্তর প্রদেশ পুলিশ। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরের কয়েক ঘণ্টার মধ্যেই নাম থাকা আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পেশ করা হবে।

এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন— অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষচন্দ্র শ্রীবাস্তব এবং রামাশঙ্কর যাদব ওরফে টিন্নু। অভিযোগ, ভক্তদের দান করা নগদ অর্থ গণনা ও সংরক্ষণের কাজে যুক্ত থাকার সুযোগে তাঁরা অর্থ আত্মসাৎ করেন। এফআইআরে আরও কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির উল্লেখও রয়েছে।

পুলিশ সূত্রের দাবি, ২৫ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। এরপর সেই রাতেই, অর্থাৎ এফআইআর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, আট অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। ২৬ জুন (শুক্রবার) সকালে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চুরি করা সম্পত্তি গোপন রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *