SFI-এর আন্দোলনের জয়, ভর্তি ফি ফেরত দেবে কলেজ কর্তৃপক্ষ

মেদিনীপুর: আন্দোলনের জয়। এসএফআইয়ের দাবি মেনে মেদিনীপুরে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) বা গোপ কলেজ কর্তৃপক্ষ অ্যাডমিশন বাতিল করা ছাত্রছাত্রীদের ভর্তি ফি ফেরত দিতে সম্মত হয়েছে।

এসএফআই-এর অভিযোগ, গত কয়েক বছর ধরে ভর্তি ফি ফেরত দেওয়া নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছিল। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার পর অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কারণে অ্যাডমিশন বাতিল করলেও তাঁদের ভর্তি ফি ফেরত দেওয়া হচ্ছিল না। এই ছাত্রছাত্রীদের অধিকাংশই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এবং তাঁদের পড়াশোনা মূলত স্কলারশিপনির্ভর।

ভর্তি ফি ফেরতের জন্য পড়ুয়ারা বারবার লিখিত আবেদন করলেও কলেজ কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে অভিযোগ। ইমেলের মাধ্যমেও কোনও সমাধান মেলেনি। এরপর ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের একত্রিত করে কলেজ গেটে লাগাতার আন্দোলন শুরু হয়। তার পরেই বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে ফি ফেরত দেওয়ার বিষয়ে সম্মতি জানায় এবং আগামী ১৫ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

আন্দোলনের এই সাফল্যে খুশি এসএফআই নেতৃত্ব ও কর্মীরা। সাধারণ ছাত্রছাত্রীরাও স্বস্তি প্রকাশ করেছেন। ভর্তি ফি ফেরত পাওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য এসএফআই-এর পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে।

গোপ কলেজে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রঘুপতি মুখার্জী ও সুচরিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সেক রিয়াজ, সেক সাহিল এবং মৃণাল শিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *