মেদিনীপুর: মেদিনীপুর শহরে দুস্থ স্কুল পড়ুয়াদের পাশে বাম ছাত্র সংগঠন। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বইয়ের চিন্তা দূর করতে এগিয়ে এল ভারতের ছাত্র ফেডারেশন। মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির উদ্যোগে শুরু হয়েছে ‘বুক ব্যাংক’ কর্মসূচি। সেই উদ্যোগে লালদিঘি পাড়ের নবম শ্রেণির ছাত্রী সুদীপা এবং পাথরঘাটা এলাকার অষ্টম শ্রেণির ছাত্র ফিট্টুস মল্লিকের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় পাঠ্যপুস্তক।
সংগঠনের দাবি, আর্থিক কারণে যাতে কোনও ছাত্রছাত্রী পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। প্রতি বছরই বই সংগ্রহ করে সেগুলি প্রয়োজনমতো ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হয়। SFI এর তরফে বই প্রদান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, স্কুলগুলিতে শিক্ষক প্রায় নেই বললেই চলে। যেখান অপ্রতুল শিক্ষক রয়েছে সেখানে নিয়মিত ও নিয়ম মতো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যাদের টিউশন নেওয়া বা সহায়িকা বই কেনার সামর্থ নেই তাদের পড়াশোনাও যাতে থেমে না যায় বা পিছিয়ে না পড়ে সেই সব প্রান্তিক অংশের পড়ুয়াদের জন্যই এই বুক ব্যাংক কর্মসূচি।
এদিন বই তুলে দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন Students’ Federation of India-এর জেলা সম্পাদক রণিত বেরা এবং জেলা সভাপতি সুকুমার মাজি। তাঁরা জানান, আগামী দিনেও আরও পড়ুয়াদের হাতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, বই হাতে পেয়ে পড়াশোনার উৎসাহ যেমন বাড়ে, তেমনই আর্থিক চাপও কিছুটা কমে পরিবারের।