স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা: শিক্ষায় দিশাহীন কেন্দ্র কি শিখবে বামেদের কেরালাকে দেখে?

কোনও দেশের শিক্ষানীতি কেমন হওয়া উচিত, তার স্পষ্ট দিশা দেখিয়ে দিল বাম শাসিত কেরালা। কেন্দ্রীয় বাজেট পেশের পর শিক্ষা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ে কার্যত খাবি খেতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সেই আবহেই কেরালার শিক্ষা বাজেট ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা বিশেষজ্ঞ ও নীতি বিশ্লেষকেরা প্রশংসায় পঞ্চমুখ।

সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারামনের কাছে প্রশ্ন ওঠে—যে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, সেখানে কেন কেন্দ্রীয় বাজেটে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিয়ে কোনও স্পষ্ট দিশা নেই? পাশাপাশি, এই বাজেটে মধ্যবিত্তদের জন্যই বা কী রয়েছে?এই দুই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রীকে অস্বস্তিকর ভঙ্গিতে হাসতে দেখা যায়। পরে তিনি যে উত্তর দেন, তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের কার্যত কোনও সম্পর্ক ছিল না।

এদিকে, ঠিক এই সময়েই দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছে সিপিআইএম শাসিত কেরালার বাজেট নিয়ে। শিক্ষা ক্ষেত্রে একের পর এক যুগান্তকারী ঘোষণা করে নজির গড়েছে রাজ্যটি।

ভারতে প্রথম রাজ্য হিসেবে কেরালায় স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ঘোষণা করা হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী কে. এন. বালাগোপাল জানিয়েছেন—কেরালার সরকারি ও সরকারি-সহায়তা প্রাপ্ত কলেজগুলিতে আর্টস ও সায়েন্স ডিগ্রি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। এতদিন এই সুবিধা দ্বাদশ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুর্ঘটনা বিমা চালু করা হবে।বিশ্ববিদ্যালয়গুলির জন্য তহবিল বাড়ানো হবে এবং বৃত্তি ও ফেলোশিপের পরিমাণ বৃদ্ধি করা হবে, যার মধ্যে পিএইচডি গবেষকরাও থাকবেন।

আধুনিক প্রযুক্তি, কারিগরি (ভোকেশনাল) শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে, বিশেষ করে টেকনো–ইকোনমিক্স ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি গ্লোবাল স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়াতে গবেষণা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসন সংস্থাগুলির মধ্যে সংযোগ আরও মজবুত করা হবে।

শিক্ষার পথে আবাসন যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য পাবলিক হোস্টেল ব্যবস্থা চালুর কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলির কার্যক্রম আরও শক্তিশালী করতে শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ২৫৯ কোটি টাকা।

সব মিলিয়ে, কেরালা বাজেট স্পষ্টভাবে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্তকে একটি সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষাবিদ ও শিক্ষা নীতি বিশ্লেষকেরা।

One thought on “স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা: শিক্ষায় দিশাহীন কেন্দ্র কি শিখবে বামেদের কেরালাকে দেখে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *