নয়াদিল্লি: শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া ব্যক্তিদের বেআইনিভাবে আটক করা যাবে না। সাধারণ মানুষের চলাচলের অধিকার ও স্বাভাবিক জনজীবন বজায় রাখার উপর জোর দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশ, মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। আইন মেনে ইন্টারনেট পরিষেবা চালু রাখতে হবে। পাশাপাশি, সাধারণ মানুষের অবাধ চলাচল এবং যানবাহন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ জমায়েতের ক্ষেত্রে আইনবহির্ভূত বাধা বা আটক করা যাবে না বলেও নির্দেশে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়াও, বিচার পাওয়ার অধিকার নিয়ে মানুষের মধ্যে কোনও আশঙ্কা তৈরি না হয়, তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বাইরে লাগানো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার নিষেধাজ্ঞা সংক্রান্ত বোর্ড খুলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতের এই নির্দেশে শান্তিপূর্ণ জমায়েত, সাধারণ মানুষের চলাচল এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখার বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে, আইন মেনেই প্রশাসনিক বিধিনিষেধ কার্যকর করার বার্তা দিয়েছে শীর্ষ আদালত।