নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: রেলের রেক থেকে বস্তা নামানোর জন্য যে সরকারি বরাদ্দ রয়েছে, সেই টাকাই শ্রমিকদের দিতে হবে। এই দাবিতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনি রেল স্টেশন ম্যানেজারের কাছে বুধবার সিআইটিইউ-র পক্ষ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন করা হল।
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতা তথা সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল স্পষ্ট ভাষায় বলেন, শ্রমিকদের হকের টাকা দিতেই হবে। তা না হলে আন্দোলন আরও জোরদার হবে। শুধু তাই নয়, এই দাবি আদায়ের লক্ষ্যে তিনি শ্রমিকদের স্বার্থে ডান-বাম নির্বিশেষে সব পক্ষকে একসঙ্গে আসার আহ্বান জানান। পাশাপাশি ভারতীয় মজদুর সংঘকেও এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
পায়ের ঘাম মাথায় ফেলে পরিশ্রম করা শ্রমিকদের হকের টাকা বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে নেকুড়সেনি রেল স্টেশনে। এখানে মালগাড়ির রেক খালি করার জন্য শ্রমিকদের সরকারি মজুরি নির্ধারিত রয়েছে বস্তাপিছু ৯ টাকা ৬৩ পয়সা। কিন্তু অভিযোগ, সরকারি বরাদ্দ এত হলেও শ্রমিকদের হাতে দেওয়া হয় মাত্র ৪ টাকা। বাকি ৫ টাকা ৬৩ পয়সা কারা আত্মসাৎ করছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।
দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা সিআইটিইউ-র নেতৃত্বের কানে আসে। একাধিকবার বিষয়টি স্টেশন ম্যানেজারকে জানানো হলেও কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত বুধবার মিছিল করে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সিআইটিইউ-র পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় শুধু শ্রমিক নয়, কৃষক, ক্ষেতমজুর, যুব ও মহিলাদ এবং সমস্ত রাজনৈতিক শক্তি ও খেটে খাওয়া মানুষের অধিকারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সরকারি বরাদ্দ অনুযায়ী মজুরি প্রদান-সহ একাধিক দাবিতে সিআইটিইউ-র নেতৃত্বে রেলের স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কে, সংগঠনের জেলা সভাপতি কমল পলমল, জেলা সম্পাদক গোপাল প্রামাণিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান।