যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে SFI-এর বিক্ষোভ, পুড়ল ধর্মেন্দ্র প্রধানের প্রতিকৃতি

নিজস্ব সংবাদাতা, মেদিনীপুর: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে আটক এবং আন্দোলনকারীদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (SFI) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর প্রতিকৃতি দাহ করা হয়।

সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিল বের হয়। হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে SFI-এর কর্মী-সমর্থকেরা যন্তর মন্তরে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ ও সোনম ওয়াংচুককে আটক করা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক বিতর্ক, পরীক্ষায় অনিয়ম এবং ছাত্র-যুবদের স্বার্থবিরোধী নীতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নৈতিক দায় রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁর অবিলম্বে পদত্যাগের দাবিও তোলেন বক্তারা।

কর্মসূচির শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ জানানো হয়। SFI নেতৃত্ব জানায়, ছাত্র-যুবদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *