ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিজেপির রাজস্থানের সিকারে এসএফআইয়ের বিশাল মিছিল

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, NEET ও CBSE-সংক্রান্ত অনিয়মের স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সমস্ত পড়ুয়ার ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে রাজস্থানের সিকরে বিশাল মিছিল সংগঠিত করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)।

এই মিছিলে বিপুল সংখ্যক ছাত্র-যুবর সঙ্গে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই পরীক্ষা পরিচালনার বর্তমান ব্যবস্থার আমূল সংস্কার এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি তোলা হয়। সোনম ওয়াংচুকের ওপর দিল্লি পুলিশের নিপীড়নের বিরুদ্ধেও গর্জে ওঠে মিছিল।

এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা পুনরুদ্ধার করতে হলে NEET ও CBSE-সংক্রান্ত সমস্ত অভিযোগের নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীকরণের পরিবর্তে বিকেন্দ্রীকরণের দাবিও জানানো হয়।

সমাবেশ থেকে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে এসএফআই নেতৃত্ব জানায়, দেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের স্বার্থে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *