নিজস্ব সংবাদদাতা, দাসপুর: তৃণমূল আমল থেকে বহু বছর ধরে সংস্কার না হওয়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার গোবিন্দনগর গ্রামের নিকাশি নালা কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে প্রতি বছর বর্ষাকালে এবং বোরো ধান কাটার মরশুমে বৃষ্টির জল জমে বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে যায়। অভিযোগ, সেই জলে পাকা ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি ফসল পচে নষ্ট হয়। বারবার ক্ষতির মুখে পড়ে সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।
স্থানীয় কৃষকদের দাবি, আগের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের সময় থেকে শুরু করে বর্তমানে বিজেপি পরিচালিত প্রশাসনের কাছেও একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। গ্রামসভার বৈঠকেও নিকাশি নালা সংস্কারের দাবি তোলা হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি।
এর জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। কৃষিজমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ফসলের ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে নিজেদের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে এবার গ্রামের কৃষকরাই উদ্যোগী হয়েছেন নিকাশি নালা সংস্কারের কাজে।
গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নালা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কৃষক নেতা গণেশ সামন্ত ও দেবু মান্না। তাঁদের দাবি, সরকারি সাহায্যের অপেক্ষায় বসে থাকলে সমস্যার সমাধান হবে না। তাই কৃষকদের স্বার্থে নিজেরাই উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে হয়েছে।
গ্রামের এক কৃষক বলেন, “প্রতি বছরই ধান ও সবজি চাষে ক্ষতি হচ্ছে। বহুবার আবেদন করেও কোনও লাভ হয়নি। তাই সবাই মিলে চাঁদা তুলে নালা কাটার কাজ শুরু করেছি।”
স্থানীয় বাসিন্দাদের আশা, নালা সংস্কার সম্পূর্ণ হলে জমিতে জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং কৃষকরা ফসল রক্ষায় কিছুটা স্বস্তি পাবেন। তবে সরকারি উদ্যোগে স্থায়ী সমাধানের দাবিও তুলেছেন তাঁরা।