নির্যাতিতা আদিবাসী মহিলার মুখ টাকা দিয়ে বন্ধের চেষ্টা বিজেপির? সেখানেও আবার কাটমানির অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: শ্লীলতাহানির শিকার এক আদিবাসী মহিলা ও তাঁর পরিবারের মুখ টাকা দিয়ে বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, মীমাংসার নামে সেই টাকার অর্ধেক অংশ কাটমানি হিসেবে দাবি করার অভিযোগও উঠেছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাঁকাশোল গ্রামের।

জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা চলে। পরদিন সন্ধ্যায় গোটা বিষয়টি জানতে পারেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির স্থানীয় নেতৃত্ব। সঙ্গে সঙ্গেই তাঁরা থানায় যাওয়ার উদ্যোগ নেন।

সেই অনুযায়ী সোমবার সকালে নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গোয়ালতোড় থানায় হাজির হন সংগঠনের জেলা সম্পাদিকা কমরেড নাসিমা বিবি, জেলা সভানেত্রী কমরেড স্মৃতিকণা দেবনাথ-সহ অন্যান্য নেত্রীবৃন্দ। থানায় একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়।

থানা থেকে ফিরে মহিলা সমিতির নেত্রীরা নির্যাতিতার বাড়িতে গেলে তাঁরা জানতে পারেন, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি আপসে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিযোগ, ওই ২ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা আবার মীমাংসাকারীদের দিতে হবে বলেও জানানো হয়।

তবে বিজেপির এই প্রস্তাব নির্যাতিতার পরিবার তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে বলে জানা গিয়েছে। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে।

গোটা বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পাল। তিনি বলেন, গ্রামের এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে শ্লীলতাহানি করে বিজেপির নব্য দুষ্কৃতী অসিত মাহাত। গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মহিলা সমিতির নেতৃবৃন্দ নির্যাতিতার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছে, থানায় ডেপুটেশন দিয়েছে। মমতা ব্যানার্জির কালচার দিয়েই শুরু করেছে বিজেপি। অপরাধমূলক কাজে বিজেপি যুক্ত থাকলে পুলিশ স্পর্শ করবে না। নির্যাতিতার পরিবার অভিযোগ করেছে বিজেপি নেতারা ২ লক্ষ টাকা দিয়ে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছে। নতুন বোতলে পুরনো মদ চালান করার বিরুদ্ধে বামপন্থীদের লড়াই জারি থাকবে।

মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে। পাশাপাশি, অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। এদিন

এদিন মহিলা সমিতির জেলা সভানেত্রী ও জেলা সম্পাদিকা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছবি পাখিরা, শুক্লা ঘোষ, সরস্বতী টুডু, কস্তুরী দাস, কাকলি সাউ, জেলা কমিটির সদস্য লিপিকা বারিক, সবিতা দত্ত এবং আঞ্চলিক কমিটির সভানেত্রী শিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *