নিজস্ব সংবাদ, কলকাতা: যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় গভীর রাতে উচ্ছেদ অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। প্রতিবাদ অবরোধ করতে গিয়ে পুলিশের ব্যাপক লাঠি চার্জে আহত বহু। প্রতিবাদ করে আটক সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দেন সুজন চক্রবর্তীও।
দিন কয়েক আগেও একই ভাবে বুলডোজার নিয়ে অভিযানে নেমেছিল রেল। সেদিন আদালতের রায় ও মানুষকে সঙ্গে নিয়ে অভিযান রুখে দেন সৃজনরা। কিন্তু সোমবার গভীর রাতে ফের উচ্ছেদ অভিযান শুরু করে রেল।প্রচুর লাঠিধারী পুলিশ মোতায়েন করে বুলডোজ়ার দিয়ে স্টেশন চত্বরের প্রচুর দোকান ও নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সন্ধ্যা থেকেই সিপিআইএম, বামপন্থী গনসংগঠন ও কংগ্রেসের কর্মী-সমর্থকদের যৌথ বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশও অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ব্যারিকেডও বসানো ছিল।
বিক্ষোভ চলাকালীন সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। পুলিশ ভ্যানে তোলার সময় সৃজনের অভিযোগ, রেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়াকে উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও রাতভর নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি বজায় ছিল।